চট্টগ্রামে কর্ণফুলীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান 

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামে কর্ণফুলী নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন।

সোমবার সকাল ১০ টা নাগাদ সদরঘাট থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযান শুরুর আগেই নদীর পাড়ের অবৈধ কাঁচা, আধাপাকা ও পাকা স্থাপনা সরিয়ে নেওয়া হয়। প্রভাবশালীদের অনেকে ক্রেন, গ্যাসকাটার, শ্রমিক দিয়ে নিজ নিজ স্থাপনা সরিয়ে নিচ্ছেন।

পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাহমিলুর রহমান বলেন, উচ্ছেদ অভিযানে র‍্যাব পুলিশ, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অংশ নিয়েছেন। এছাড়া উচ্ছেদ অভিযানে অবৈধ স্থাপনা ভাঙার কাজ করছেন ১০০ জন শ্রমিক।

তাহমিলুর রহমান আরও বলেন, প্রথমে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে। কোনো লোক আছে কিনা তল্লাশি করে স্থাপনা ভাঙার কাজ শুরু হয়েছে। সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চলবে। উচ্ছেদ অভিযান হাইকোর্টের রায় অনুযায়ী চালানো হচ্ছে। অবৈধ সব স্থাপনা যতদিন পর্যন্ত উচ্ছেদ না হবে ততদিন অভিযান চলবে বলে জানানো হয়েছে। সদরঘাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত অন্তত ২০০ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে ১০ একর জমি উদ্ধার হবে। এই অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না।

উচ্ছেদ অভিযানে বন্দর কর্তৃপক্ষ, পরিবেশ অধিদফতর, পিডিবি, বিআইডব্লিউটিএ, ভূমি অফিসসহ সংশ্লিষ্ট সব সংস্থার প্রতিনিধিরা সহযোগিতা করছেন।

আরও পড়ুন : নদী দখল নিয়ে কানামাছি খেলা বন্ধ করা উচিত : হাইকোর্ট

পূর্ববর্তি সংবাদগোপালগঞ্জে র‌্যাগিংয়ের অভিযোগে ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার
পরবর্তি সংবাদক্যালিফোর্নিয়ায় ভবনের ওপর বিমান ভেঙে পড়ে নিহত ৫