ইসলাম টাইমস ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গতকাল রোববার (৩ ফেব্রুয়ারী) কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরসহ উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তিনটি বাস ও একটি মাইক্রোবাস।
সংঘর্ষের কারণ হিসাবে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পক্ষের কর্মী আইয়ুব তুহিন ও সভাপতির পক্ষের কর্মী মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে পছন্দ করতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তুহিন এই ছাত্রীর সঙ্গে গল্প করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে তুহিনকে মারধর করেন মেহেদী হাসান ও তাঁর বন্ধুরা। এতে তুহিনের মাথা ফেটে যায়। এর কিছু সময় পর তুহিনের বন্ধুরা একত্রিত হয়ে মেহেদী হাসান ও তাঁর বন্ধুদের মারধর করেন।
এ ঘটনার জের ধরে গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের পক্ষের নেতা-কর্মীরা। সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীনের পক্ষের নেতা–কর্মীরা ক্যাম্পাসে ঢুকতে চাইলে তাঁরা ধাওয়া দেন। পরে পেছনের ফটক (পাটুয়াটুলী) দিয়ে ক্যাম্পাসে ঢুকে শহীদ মিনারের সামনে অবস্থান নেন সাধারণ সম্পাদকের অনুসারীরা। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে সহকারী প্রক্টর শাহীন মোল্লা আহত হন।
পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, বিজ্ঞান ভবন ও ক্যানটিনের সামনে পাঁচ থেকে ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটে। ভাঙচুর করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ব্যবহৃত তিনটি বাস ও একটি মাইক্রোবাস। এ সময় আতঙ্কিত হয়ে ক্যাম্পাসে ছোটাছুটি শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। সংঘর্ষের সময় উভয় পক্ষের নেতা–কর্মীদের হাতে দেশীয় অস্ত্র, ছুরি, চাপাতি, রড ও লাঠিসোঁটা ছিল। বেশির ভাগ লোকই ছিলেন হেলমেট পরিহিত। দুপুর ১২টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশের কোতয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) বদরুল হাসান বলেন, পুলিশ দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
এই ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। এ ছাড়া ঘটনা তদন্তে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল বিকেলে কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
















