ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, নির্বাচনে বিএনপি হারেনি, হেরেছে গণতন্ত্র এবং দেশের জনগণ। দেশের মানুষ ভোট দিতে পারেনি। দেশের মানুষ ভোট দিতে পারলে বিএনপি আজ ক্ষমতায় থাকতো।
মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, বিএনপি বর্তমান অবস্থা কাটিয়ে আবারো ঘুরে দাঁড়াবে। আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন কখনো সুষ্ঠু হবে না। তাই আগামী দিনে এ সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি। সেই সাথে ধানের শীষ নিয়ে বিজয়ীরা সংসদে যাবে না। তিনি খালেদা জিয়াকে মুক্ত করতে ও দলের ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য দলের প্রার্থী ও নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
এছাড়া বক্তব্য দেন চেয়ারপার্সনের উপদেষ্টা বগুড়া জেলা বিএনপির নেতা হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটির সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর হেনা, লাভলী রহমান, শফিকুল হক মিলন, ওবায়দুর রহমান চন্দন, বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, বগুড়া- ৪ আসনের বিএনপির এমপি মোশারফ হোসেন, মাহবুবর রহমান বকুল, মাফতুন আহমেদ খান রুবেল, শাহ মেহেদী হাসান হিমু, সিপার আল বখতিয়ার, শাহাবুল আলম পিপলু, খায়রুল বাশার, আবু হাসান, তাজুল ইসলাম, ফারুকুল ইসলাম প্রমুখ।
















