ইসলাম টাইমস ডেস্ক : পূর্ববিরোধের জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইট-পাটকেলসহ গুলির শব্দ শোনা গেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের সেই দুই পক্ষ হচ্ছে সিক্সটি নাইন ও সিএফসি। এ ঘটনায় ক্যাম্পাসে রাতভর উত্তেজনা বিরাজ করে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতারুজ্জামান গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল থেকে তিন রাউন্ড গুলির শব্দ শোনা যায়। রাত ১১টার দিকে পরিস্থিতি শান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরী বলেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবেনা। ক্যাম্পাসে এসব বিশৃংখলাকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
















