সন্তান প্রসবের আগের রাতেই হত্যা করা হয়েছে: আ স ম আ. রব

ইসলাম টাইমস ডেস্ক:  জাতীয় ঐক্যফ্রন্টের নেতা জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আমরা দৃঢ়তার সাথে বলছি, ঐক্যফ্রন্ট ছিল, ঐক্যফ্রন্ট আছে, ঐক্যফ্রন্ট থাকবে। লাখ লাখ নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে খালেদা জিয়াসহ সবার মুক্তি দিতে হবে। ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে প্রহসন ও গণতন্ত্র হত্যা হয়েছে। মানুষ কথা বলতে পারে না। সন্তান প্রসবের আগের রাতেই হত্যা করা হয়েছে। মানে ৩০ নয় ২৯ ডিসেম্বর রাতেই ভোট ডাকাতি করা হয়েছে।

আজ বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে কালোব্যাজ ধারণ করে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। একাদশ সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যানের পর আজ এই কর্মসূচি পালন করে ঐক্যফ্রন্ট।

আবদুর রব বলেন, আজকে ডাকাতি করে উৎসব চলছে। এই উৎসবে শকুনেরা বসেছে। সব প্রতিষ্ঠান দল ও ব্যক্তির অধীনে নেওয়া হয়েছে। রাষ্ট্র আজ ধ্বংস। সব লুট হয়ে গেছে। যে দেশের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অনিয়ম করে সে দেশের স্বাধীনতার ভবিষ্যৎ থাকে না। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

আজকের মানববন্ধনে শীর্ষনেতাদের অনুপস্থিতির কারণ তুলে ধরে রব বলেন, মির্জা ফখরুল, মন্টু ও মান্না তিনজনই চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন। আর পারিবারিক একটি অনুষ্ঠানের জন্য যোগ দিতে পারেননি কাদের সিদ্দিকী।

মানববন্ধনে বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন আবদুল মঈন খান, সেলিমা রহমান, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম আজাদ, কাজী আবুল বাশার।

পূর্ববর্তি সংবাদরোহিঙ্গা ঠেকাতে সীমান্ত সিলগালা করে দেওয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদপঞ্চগড়ে কাদিয়ানি ইজতেমা ইস্যুতে বৈঠক: কথিত ইজতেমা বন্ধের আশ্বাস ডিসির