ইসলাম টাইমস ডেস্ক: যারা টাকা ফেরত না দেয়ার জন্য ঋণ নেন, তাদের প্রতি তিনবার সাবধান বাণী উচ্চারণ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আমাদের দেশে দুই ধরনের ব্যবসায়ী রয়েছেন। প্রথম শ্রেণি হলো- যারা আসলেই ব্যবসা করতে চান, কিন্তু মাঝে মাঝে হোঁচট খান। হোঁচট খেয়ে খেলাপিতে পরিণত হন। তাদের প্রতি সহনশীল হতে হবে। কারণ তারা হয়তো পরিস্থিতির শিকার। আরেক শ্রেণির ব্যবসায়ী আছেন, যারা টাকা ফেরত না দেয়ার জন্য ঋণ নেন।
বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে অর্থমন্ত্রী এ হুশিয়ারি উচ্চারণ করেন।
ফেরত না দেয়ার জন্য যারা ব্যাংকঋণ নেন, তাদের প্রতি তিনবার সাবধান বাণী উচ্চারণ করে অর্থমন্ত্রী বলেন, তাদের কোনো ছাড় দেয়া হবে না। সেই টাকা আদায়ে যে ধরনের ব্যবস্থা নেয়া দরকার সেটিই করা হবে।
অর্থমন্ত্রী বলেন, খেলাপি ঋণ অবশ্যই একটি অপরাধ। এটি জনগণের টাকা, দেশের সক্ষমতা বৃদ্ধি করতে এই টাকা কাজে লাগে। এটির সঠিক ব্যবহারে উদ্দেশ্য পূরণ হবে, কিন্তু যারা এটার অপব্যবহার করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, ঋণ দেয়ার সময় টাকাটা কোন কাজে লাগানো হবে, সে বিষয়ে তদারকি করতে হবে। আবার টাকা নেয়ার পর সেই টাকা কোন কাজে ব্যয় হচ্ছে সেটিও দেখতে হবে।
তিনি বলেন, খেলাপি ঋণ ঠেকাতে এবং ব্যাংকগুলোর ঋণের গুণগত মান বৃদ্ধি করতে প্রতিটি ব্যাংকে স্পেশাল অডিট করা হবে।
















