সাদ আবদুল্লাহ মামুন ।।
বাংলাদেশের প্রসিদ্ধ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জামিয়া ইসলামিয়া খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসার তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও খাদেমুল ইসলাম ইজতেমা শুরু হয়েছে।
আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) ফজরের পর বয়ানের মাধ্যমে ৮৩তম মাহফিলটি শুরু হয়।
তিন দিনব্যাপী মাহফিলের আজ প্রথম দিন। বৃহস্পতি ও শুক্রবার বয়ান হবে। শনিবার (৯ ফেব্রুয়ারি) ফজর বাদ বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে।
মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে দেশ-বিদেশের বিখ্যাত উলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা ওয়াজ-নসিহত পেশ করবেন। মাহফিলে মুনাজাত করবেন গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতি রুহুল আমীন।
মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বিকালে দাওরায়ে হাদিস, হিফজ বিভাগ সমাপ্তকারী উত্তীর্ণ ছাত্রদের সম্মানসূচক পাগড়ি ও সনদ প্রদান করা হবে।
তিন দিনব্যাপী মাহফিলে ইসলামি বিধি-বিধানের তালিম, জিকির-আজকার ও মুসল্লিদের ইবাদত-বন্দেগিতে পুরো এলাকা মুখরিত থাকবে। মাহফিলে আগত মুসল্লিদের সহিহ-শুদ্ধভাবে কোরআন তেলায়াত, প্রয়োজনীয় দোয়া ও নামাজসহ ইসলামের অন্যান্য বিধান বিশুদ্ধ পদ্ধতিতে শেখানোর কার্যক্রম হাতে নিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।
মাহফিলে ঢাকা, বাগেরহাট, পিরোজপুর, নড়াইল, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, খুলনা ও যশোর ও সাতক্ষীরাসহ দেশের দূর-দুরান্তের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা অংশ নিয়েছেন। গওহরডাঙ্গা মাহফিলে দক্ষিণবঙ্গের সব শ্রেণির মানুষ বিপুল উৎসাহের সঙ্গে অংশ নিয়ে থাকেন।
মোজাহেদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ. ১৯৩৭ সালে গওহরডাঙ্গা মাদরাসা প্রতিষ্ঠা করেন। মাহফিল উপলক্ষে খাদেমুল ইসলাম ছাত্র শাখার উদ্যোগে আরবি ও বাংলা ভাষায় ২০টির মতো দেয়ালিকা প্রকাশিত হয়েছে।
















