ইসলাম টাইমস ডেস্ক: নয়া দিল্লিতে আজ মোদির সাথে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।পররাষ্ট্রমন্ত্রী চারদিনের সফরে ভারতের নয়াদিল্লি গেছেন। গত মাসে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই তার দেশের বাইরে প্রথম সফর।
মূলত বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শমূলক কমিশনের (জেসিসি) পঞ্চম বৈঠকে যোগ দিতে তিনি ভারত সফর করেছেন। তবে সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য, রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতের অধিকতর সমর্থন চাইবে বাংলাদেশ।
বুধবার রাতে পররাষ্ট্রমন্ত্রী ভারতের নয়াদিল্লি পৌঁছান। নরেন্দ্র মোদী ও সুষমা সরাজ ছাড়াও দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।
এবারের জেসিসি বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয়ে আলোচনা করা হবে। সূত্র জানায়, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা সহযোগিতা, কানেকটিভিটি (সংযোগ), সীমান্ত ব্যবস্থাপনা, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি ও বিদ্যুৎ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা হবে।
জেসিসি বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রী। অন্যদিকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সুষমা স্বরাজ।
প্রসঙ্গত, সর্বশেষ জেসিসি বৈঠক ২০১৭ সালের অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত হয়। তখন ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
















