ইসলাম টাইমস ডেস্ক : তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আত্মপ্রত্যয়ী প্রজন্ম গড়তে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন। তিনি বলেন, আত্মপ্রত্যয়ী প্রজন্ম তৈরিতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। তাই গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এই আহবান জানান।
তিনি বলেন, টেলিভিশনের কন্টেন্ট তৈরির ক্ষেত্রে সমাজের অসংগতির পাশাপাশি দেশ গঠনের লক্ষ্য মাথায় রাখতে হবে। সমাজকে সঠিক পথে চালিত করার মাধ্যমে নতুন প্রজন্মকে স্বপ্নের বাংলাদেশের বার্তা দেওয়ার অনুরোধ রইলো।
অনুষ্ঠানের শেষভাগে ‘সম্প্রচার শিল্প: একটি সম্ভাবনার সংকট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই আলোচনায় অংশ নেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক বাবু, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা৷
















