ইসলাম টাইমস ডেস্ক : আজ ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের বছর পূর্ণ হলো । গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
খালেদা জিয়ার কারাবাসের এক বছর পূর্তি সামনে রেখে সারাদেশে কর্মসূচি দিয়েছে বিএনপি। ঢাকায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিবাদ কর্মসূচি পালন করবে দলটি।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সাংবাদিকদের জানান, শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় শুধু ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। এছাড়া, ৯ ফেব্রুয়ারি দেশব্যাপী (ঢাকা মহানগরী বাদে) একই দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
শুক্রবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনের অনুষ্ঠানে জ্যেষ্ঠ নেতাদের অনেকেই উপস্থিত থাকবেন, এমন তথ্য দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
জিয়া অরফানেজ ট্রাস্টের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেল খাটছেন খালেদা জিয়া। বিএনপি অভিযোগ করে আসছে, তাদের দলীয় চেয়ারপারসনের কারাবরণ সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে। বিষয়টি নিয়ে রাজপথে তেমন কোনও কার্যকর প্রতিবাদ করতে সক্ষম না হলেও দেশে-বিদেশে গত এক বছর ধরেই দলনেত্রীর সাজার বিরুদ্ধে সোচ্চার ছিল বিএনপি।
খালেদা জিয়ার কারাবাস তথা লড়াই-সংগ্রামের বিষয়ে কয়েকটি বইয়ের উদ্ধৃতি দিয়ে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ওয়ান-ইলেভেনের সময় এক বছরের বেশি সময় কারাগারে ছিলেন। ওই সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জেলে ছিলেন। এর আগে বেগম খালেদা জিয়া সামরিক শাসক এরশাদের শাসনামলে আটক হয়েছেন। মুক্তিযুদ্ধের সময় তিনি চট্টগ্রামে শাসরুদ্ধকর অবস্থায় ছিলেন।
পঁচাত্তরের ৭ নভেম্বরের পটভূমিতে জিয়াউর রহমানের সঙ্গে গৃহবন্দি ছিলেন। এরশাদবিরোধী আন্দোলনের সময় আটক হয়েছেন, হামলার মুখে পড়েন। ’৯৬ সালে আওয়ামী লীগের সময়েও হামলার মুখে পড়েছেন, হয়রানির শিকার হয়েছেন, রাস্তায় সারাদিন অবরুদ্ধ ছিলেন।’
















