ইসলাম টাইমস ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার সংস্থার কর্মকর্তারা বলছেন, তারা সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে পরিকল্পিতভাবে হত্যা করার এবং তার সাথে সৌদি আরবের জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছেন।
জাতিসংঘের বিশেষ দূত অ্যাগনেস ক্লামারড বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, তুরস্কের তদন্ত সংস্থার কাছ থেকে খাশোগি হত্যাকাণ্ডের ভয়ঙ্কর অডিও রেকর্ডটি তার তিন সদস্যের দলটি খতিয়ে দেখেছে।
প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, তুরস্কের তদন্ত করার উদ্যোগে সৌদি সব রকমভাবে বাধা দেয়ার চেষ্টা করেছে।
সৌদি সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক জামাল খাশোগি গত বছরের ২ অক্টোবর ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন। তখন সৌদি এই ঘটনা অস্বীকার করেছিল। কিন্তু তুরস্কের কর্মকর্তাদের অনুসন্ধানে যখন রোমহর্ষক তথ্য বেরিয়ে আসে তখন বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়।
একই সাথে সৌদি আরবে ১১ জনকে বিচারের মুখোমুখি করার যে কথা বলা হচ্ছে, সেই বিচারের স্বচ্ছ্তা এবং নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন ক্লামারড। তবে খাশোগির মরদেহের খোঁজ এখনও মেলেনি। জাতিসংঘের এই তদন্ত কমিটির আগামী জুন মাসে চূড়ান্ত প্রতিবেদন দেয়ার কথা রয়েছে।
















