ইসলাম টাইমস ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে দোকান দখলে বাধা দেওয়ায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা তারেকুজ্জামান রাজীবকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন স্থানীয় অপর আওয়ামী লীগের নেতারা। রাজীব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের কমিশনার।
মোহাম্মদপুরের কাঁটাসুরে নামাবাজারে দোকান দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে নামাবাজারে ‘দোকান দখল’ করতে আসেন ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মাদ সেন্টু ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম পলাশ। তারা সাধারণ দোকানদারের সঙ্গে সভাপতি-সেক্রেটারির সাঙ্গপাঙ্গরা দুর্ব্যবহার করলে তারা ফোনে বিষয়টি স্থানীয় কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে জানান।
এর পর আনুমানিক রাত ১০টা ২০ মিনিটে কাউন্সিলর রাজীব বাজারে এলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে আওয়ামী লীগ নেতারা কাউন্সিলরকে নানা ধরনের হুমকি-ধমকি দেন।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ওসি জি জি বিশ্বাস বলেন, কমিশনারসহ আওয়ামী লীগের নেতাদের নিজেদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।
উল্লেখ্য, স্থানীয়দের দাবি এটা স্থানীয় আওয়ামী লীগের আধিপত্য বিস্তারের লড়াই। নতুব রাজীব কমিশনারের বিরুদ্ধে সরকারি জমি দখল ও সেখানে দোকান তুলে ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে।
















