ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, দক্ষিণ এশিয়া আজ এক চরম রাজনৈতিক ক্রান্তিকাল অতিক্রম করছে। একদিকে মার্কিন সাম্রাজ্যবাদ ভারতের সঙ্গে হাত মিলিয়ে তার প্রভাব বলয় বৃদ্ধির কাজে নিয়োজিত। একইসঙ্গে সাম্রাজ্যবাদ চীনকে চারোদিক থেকে ঘিরে ফেলার নীতি নিয়ে অগ্রসর হচ্ছে।
শনিবার সকাল ৯টায় ঢাকায় সফররত বিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশনের নেতাকর্মীদের সঙ্গে মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে এক সৌজন্য সাক্ষাতকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, তারা ভোট ডাকাতি ও ষড়যন্ত্রের মাধ্যমে নিজেদের পছন্দসই শাসকদের ক্ষমতায় বসাচ্ছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই চক্রান্তের বিরুদ্ধে বিরামহীনভাবে লড়ছে। সিপিবি আশা করে, এই অঞ্চলের প্রগতিশীল ছাত্র-যুবরা আগামী দিনে সাম্রাজ্যবাদ ও অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলবে।
সভায় দক্ষিণ এশিয়ার ছাত্র যুব আন্দোলনের সাম্প্রতিক নানা অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ এবং আন্তর্জাতিক রাজনীতি বিষয়েও মতবিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, হাসান তারিক চৌধুরী, মোহাম্মদ কিবরিয়া, হাসান হাফিজুর রহমান সোহেল, হাফিজ আদনান রিয়াদ, জিএম জিলানী শুভ, লিটন নন্দী প্রমুখ।
















