নারায়ণগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা ও লুটপাট  

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাও এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিবাদ করায় নারীসহ তিন জনকে পিটিয়ে আহত করা হয়।

রবিবার দুপুরে উপজেলার হোড়গাঁও এলাকায় ঘটে এ ঘটনা।

আউলি আক্তার জানান, তাদের প্রতিপক্ষ এলাকার নুরুল ইসলাম, মনির হোসেন, জনি, ফারুকদের সঙ্গে তাদের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। আর ওই বিরোধের জের ধরে দুপুরে রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে আউলি আক্তারদের বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। শুধু তাই নয়, সুপারি গাছ ও আম গাছ কেটে ফেলে।

এ সময় প্রতিবাদ করায় তার স্বামী সিরাজুল ইসলাম, ছেলে সুমনকে এলোপাথাড়িভাবে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে আত্মীয় পারভীন আক্তার প্রতিবাদ করতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল হক বলেন, এ ধরনের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তি সংবাদপঞ্চগড়ে কথিত কাদিয়ানি ইজতেমা বন্ধে স্থানীয় জনতার ব্যাপক প্রস্তুতি
পরবর্তি সংবাদকারাগারে পরিকল্পিতভাবে দুই ফিলিস্তিনিকে হত্যার অভিযোগ