বেফাকের সহ-সভাপতি পদে চূড়ান্ত অনুমোদন পেলেন চরমোনাই-এর পীর

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভাপতি হিসেবে চূড়ান্ত অনুমোদন পেলেন চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ বেফাকের শুরা বৈঠকে তার সহ-সভাপতির পদ লাভের বিষয়টি চূড়ান্ত অনুমোদন লাভ করে।

আজ সকালে ১০টায় ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত বেফাক অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বৈঠক শুরু হয়ে বেলা ২টায় তা শেষ হয়।  বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী বৈঠকের সভাপতিত্ব করেন।

বৈঠকে উপস্থিত বেফাকের সহ-সভাপতি ও জামিয়া গহরপুরের মোহতামিম হাফেজ মাওলানা মুসলেহুদ্দীন রাজু ইসলাম টাইমসকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ মজলিসে শুরা বিগত দিনের আমেলার অনেকগুলো কার্যক্রম অনুমোদন করেছেন। তার ভেতর চরমোনাই-এর পীরের সহ-সভাপতি পদ লাভের বিষয়টিও ছিলো।

বেফাকের অন্তর্ভূ্ক্ত ‘বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড’-এর চেয়ারম্যান হিসেবে গঠনতান্ত্রিক নিয়মেই তিনি এই পদ লাভ করেছেন বলে মন্তব্য করেছেন বেফাকের একাধিক দায়িত্বশীল।

উল্লেখ্য, গত বছর ১২ ফেব্রুয়ারি বেফাকের কাউন্সিল শেষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সময় বেফাকের সহ-সভাপতি হিসেবে চরমোনাই-এর পীরের নাম প্রস্তাব করা হয়। কিন্তু অভ্যন্তরীণ আপত্তির কারণে তা চূড়ান্ত অনুমোদন লাভে ব্যর্থ হয়। এবারের মজলিসে শুরা তা অনুমোদন করলো।

পূর্ববর্তি সংবাদচারদিকের মানুষ চোখে-মুখে কী বলছে বোঝার চেষ্টা করুন, প্রধানমন্ত্রীকে রিজভী
পরবর্তি সংবাদচট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮১ ঘর পুড়ে ছাই