জনস্বার্থে প্রায় কোটি টাকা মূল্যের জমি ছেড়ে দিয়েছেন সিলেটের রশীদ পরিবার

ইসলাম টাইমস ডেস্ক: সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর আহ্বানে সাড়া দিয়ে জনস্বার্থে প্রায় কোটি টাকা মূল্যের জমি ছেড়ে দিয়েছে প্রয়াত স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর পরিবার।

সিলেট নগরের কেন্দ্রস্থলের হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহ গেট থেকে আম্বরখানা পর্যন্ত সড়ক বর্ধিত করতে তারা বাড়ির এ জমি ছাড় দিতে রাজি হয়। গতকাল রোববার সকাল থেকে সড়ক বড় করার কাজ শুরু হয়েছে।

সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর জানায়, গতকাল সকালে মেয়র দরগাহ গেট এলাকায় প্রয়াত স্পিকারের বাড়ি রশীদ মঞ্জিলে গিয়ে তাঁর ভাতিজা ইমরান রশীদ চৌধুরীর কাছে জনস্বার্থে সড়ক বড় করার জন্য জমি ছাড় দেওয়ার প্রস্তাব করেন।

মেয়র সিটি করপোরেশনের সড়ক বর্ধিত করার প্রকল্পের নকশা উপস্থাপন করলে ইমরান রশীদ চৌধুরী বাড়ির ৫ ফুট করে ১১০ ফুট জমি ছেড়ে দিতে সম্মত হন। পরে তাঁকে সঙ্গে নিয়েই মেয়র বাড়ির প্রধান ফটকের দেয়াল ভাঙার কাজের সূচনা করেন।

এ সময় সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, উপসহকারী প্রকৌশলী মো. তানভীর আহমদসহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে হুমায়ুন রশীদ চৌধুরীর পরিবারের সদস্যরা তাঁদের মূল্যবান জমি ছেড়ে দেওয়ায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সিটি মেয়র। তিনি বলেন, বাড়ির যে জমি তাঁরা ছাড় দিয়েছেন, তা এককথায় অমূল্য। এ রকম পজিশনে জমি কিনতেও পাওয়া যায় না। জনস্বার্থে তাঁরা মূল্যবান জমি ছেড়ে দিয়ে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন।

উল্লেখ্য, হুমায়ুন রশীদ চৌধুরী একজন খ্যাতনামা কূটনীতিবিদ ছিলেন। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১ তম অধিবেশনে সভাপতিত্বও করেন তিনি। সিলেট-১ (মহানগর-সদর) আসন থেকে তিনবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালের ১০ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

 

 

পূর্ববর্তি সংবাদ‘যে দেশে দুধের চেয়ে গোমূত্রের দাম বেশি, সে দেশ থেকে বাংলাদেশ কী শিখবে?’
পরবর্তি সংবাদআসছে ১১ মার্চ ডাকসু নির্বাচন