ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় হত্যার মামলায় পুলিশের উপ পরিদর্শক (এসআই), তার স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সেলিম হত্যা মামলায় এসআই মোহাম্মদ আলী, তার স্ত্রী ফিরোজা বেগম ও ছেলে রিয়াদকে গ্রেফতার করা হয়েছে। তাদের আজই আদালতে পাঠানো হবে।
মামলার অভিযোগে বলা হয়, রিয়াদ গত শনিবার রাত ৯ টার দিকে উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামের বাসিন্দা সেলিমকে তার গরুর খামারে ডেকে এনে মুখে গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা করেন। ঘটনা টের পেয়ে রিয়াদের বাবা এসআই মোহাম্মদ আলী সেলিমকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ীয়া উপজেলা হাসপাতালে আনেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রোববার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান সেলিম।
ফুলবাড়ীয়া থানার ওসি বলেন, গতকাল রাতে সেলিমের স্ত্রী ফাতেমা বেগম পাঁচজনের নামে মামলা করেন। তারা হলেন এসআই মোহাম্মদ আলী, তার স্ত্রী ফিরোজা বেগম, ছেলে রিয়াদ, মোহাম্মদ আলীর সৎভাই মহব্বত ও ভাগ্নে ফরহান। এর মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
















