ওয়ারীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, ১ ডাকাত নিহত

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর ওয়ারী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শান্ত নামে এক ডাকাত নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে পুলিশের দুই কর্মকর্তাও আহত হয়।

সোমবার দিবাগত গভীর রাতে গোপীবাগ এলাকার রেলগেটের পাশে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, রাতে গোপীবাগ এলাকায় ৭/৮ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযানে যায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে দুই পুলিশ সদস্যকে আঘাত করে। পরে পুলিশ আত্মরক্ষার্থে তাদের ওপর গুলি চালালে শান্ত নামে এক ডাকাত সদস্য আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

এ সময় সুকান্ত ও রকিবুল ইসলাম নামে দু’জন এসআই গুরুতর আহত হয়েছেন। তাদের একজন বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও আরেকজন আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানান ওসি।

পূর্ববর্তি সংবাদঅভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পরবর্তি সংবাদট্রাম্পকে ‌‘ইডিয়ট’ বললেন রুহানি