ইসলাম টাইমস ডেস্ক : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তবর্তী এলাকায় বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে চারজন নিহত এবং বিজিবি সদস্যসহ ১৬ জন আহত হয়েছে। একজন ব্যবসায়ীর গরু আটকের ঘটনায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। তাদের মধ্যে গুলিবিদ্ধ ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকের এ ঘটনা ঘটে। বর্তমানে আইন-শৃংখলা বাহিনী নিয়োগে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
নিহতরা হলেন- ওই উপজেলার রুহিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে নবাব (৩৫), মৃত জহিরউদ্দীন ছেলে সাদেক (৪৫), বহরমপুর এলাকার নূর ইসলামের ছেলে জয়নুল (১২) ও আব্দুর রহিমের ছেলে সাদেকুল (৩২)।
আহতরা হলেন, মিঠু, ইসহাদিতি, সাদেকুল, তৈমুর, রাসেল, জয়নুল, মুনতাহারা, বাবু, নওশাদ, হান্নান, জয়নুল ও নুর নাহার।
এলাকাবাসীর দাবি বরহমপুর গ্রামের মাহাবুব আলী ছয় মাস আগে চারটি গরু কেনেন। মঙ্গলবার সকালে তিনি গরুগুলো বিক্রির জন্য বের হলে বেতনা ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারতীয় গরু মনে করে সেগুলো আটকের চেষ্টা করে। এতে মাহাবুবের পরিবার ও এলাকাবাসী বাঁধা দিতে গেলে বিজিবি সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুস সামাদ চৌধুরী বলেন, গুলিবিদ্ধ ১৪ জনের গুলি বের করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
হরিপুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদ বলেন, বিজিবির একটি টিম চারটি গরু সিজ করে ফেরার পথে চোরাকারবারীরা এলাকাবাসীদের সঙ্গে নিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্রসহ বিজিবির ওপর হামলা চালায়। তাদের অনুরোধ করেও কোনো কাজনি। বরং তারা উত্তেজিত হয়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বিজিবির চার সদস্য আহত হয়। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেও পরিস্থিতি শান্ত না হওয়ায় বাধ্য হয়ে গুলি ছোড়া হয়।
















