ইসলাম টাইমস ডেস্ক : প্রায় ৯ বছর পর আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সামনে রেখেই তাদের এই আগমন।
আজ বুধবার সকালে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতা-কর্মীরা মধুর ক্যানটিনে যান।
ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি ও তাদের অবস্থান জানাতে আজ মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করারও কথা রয়েছে ছাত্রদলের।
সকাল ১০টা ৪০ মিনিটে মধুর ক্যানটিনে প্রবেশ করেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী, কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, সহসম্পাদক মামুন খান প্রমুখ।
এদিকে ছাত্রদলের মধুর ক্যানটিনে যাওয়ার খবর পেয়ে সকাল ১০টার পর থেকেই মধুর ক্যানটিনে যেতে শুরু করে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হল পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী। ছাত্রলীগের পক্ষ থেকে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছাত্রদলের নেতা-কর্মীদের মধুর ক্যানটিনে স্বাগত জানান।
ছাত্রদলের নেতা-কর্মীরা টেবিলে বসে চা পান করেন। তবে সেখানে তাঁদের তিন দিক থেকে ঘিরে বিরতিহীনভাবে স্লোগান দিতে থাকেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
















