ইসলাম টাইমস ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের প্রতি অভিযোগ করে বলেছেন, মিডনাইট ভোটে গঠিত সরকার দৈত্যের মত দেশের জনগণের ঘাড়ের ওপর চেপে বসেছে। ‘অবৈধ’ এই সরকার যা ইচ্ছে তাই করছে।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, ২৯ ডিসেম্বর নিশীথ রাতে ভোট ডাকাতি করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী জোট ক্ষমতা দখলের পর তাদের মধ্যে কোনো অনুশোচনা বা আত্মগ্লানি দেখা যাচ্ছে না। বরং তাদের বেপরোয়াভাব সব সীমা লঙ্ঘন করেছে।
বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে রিজভী বলেন, সরকার বিএনপিসহ বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী-সমর্থদের কারাগারে ভরছে। কারাগারগুলো ধারণ ক্ষমতার ৪-৫ গুন বেশী বন্দীতে বিপর্যয়ের মুখে পড়েছে। হাজার হাজার মামলা। লাখ লাখ আসামী। কোনো বাছ-বিচার নাই।
খালেদা জিযার সুচিকিৎসার দাবি জানিয়ে তিনি বলেন, তাঁর চিকিৎসা না দিয়ে প্রাণনাশের চেষ্টা করছেন প্রতিহিংসাপরায়ণ সরকার। আমরা এর নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক দিয়ে সুচিকিৎসার দাবি জানাচ্ছি।
















