প্রতিবেশীকে কুপিয়ে হত্যা : পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর ২ দিনের রিমান্ড

ইসলাম টাইমস ডেস্ক : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় প্রতিবেশীকে কুপিয়ে  হত্যা মামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী ও তার স্ত্রী ফিরোজা বেগমকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ফুলবাড়ীয়া থানার এসআই সাইদুর রহমান আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। ময়মনসিংহের ২ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাফিজ আল আসাদ শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, জামালপুর সদর থানার এসআই মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ গত শনিবার রাত ৯টার দিকে প্রতিবেশী সেলিমকে নিজের গরুর খামারে ডেকে নিয়ে যায়। সেখানে আসামিরা তাকে মুখে গামছা পেঁচিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে।

ঘটনা টের পেয়ে এলাকাবাসী সেলিমকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ীয়া উপজেলা হাসপাতালে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রোববার সকাল ৮টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সেলিম।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবীরুল ইসলাম জানান, সেলিমের মৃত্যুর দিন রোববার বিকেলে তার স্ত্রী ফাতেমা বেগম শিউলী ৫ জনের নামে মামলা করেন। মামলায় এসআই মোহাম্মদ আলী, তার সৎ মা ফিরোজা বেগম, সৎভাই মহব্বত, ছেলে রিয়াদ ও ভাগ্নে ফরহানকে মামলায় আসামি করা হয়।

পূর্ববর্তি সংবাদ‘মিডনাইট’ সরকার জনগণের ঘাড়ে চেপেছে : রিজভী
পরবর্তি সংবাদপঞ্চগড়ে মুসলমানের উপর হামলাকারী কাদিয়ানি ও পুলিশের বিচার করতে হবে : হেফাজতে ইসলাম