ইসলাম টাইমস ডেস্ক : চলতি বছরের জুন মাসে বহু কাঙ্ক্ষিত ই-পাসপোর্ট হাতে পাবেন বাংলাদেশের নাগরিকরা। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে ১০ বছরের জন্য ই-পাসপোর্ট পাবে আবেদনকারীরা।
প্রথমে গত বছরের ডিসেম্বর ও পরে এ বছরের মার্চ মাসে আসার কথা থাকলেও নানা জটিলতায় বিলম্ব হয় ই-পাসপোর্ট প্রদান কার্যক্রম। তবে আগামী জুনে ই-পাসপোর্ট কার্যক্রম শুরুর বিষয়ে আশাবাদী অধিদফতর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ই-পাসপোর্ট প্রকল্পের পরিচালক (পিডি) ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান বলেন, এখনও কাজ চলছে। যত শিগগিরই সম্ভব ই-পাসপোর্ট দেয়ার চেষ্টা করছি। কাজ অনেক দূর এগিয়ে গেছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত সুনির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না। তবে আমরা এ বছরের জুন মাসকে টার্গেট করে কাজ করছি।
২০১৮ সালের জুলাই মাসে অধিদফতরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান জার্মানির ভেরিডোসের সঙ্গে ই-পাসপোর্টের চুক্তি করেন। এরপর ডিসেম্বর মাসে পাসপোর্ট দেয়ার কথা থাকলেও সেই সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আনে অধিদফতর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ দিয়ে প্রথম ধাপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও কমার্শিয়াল ইমপোর্টেন্ট পারসনকে (সিআইপি) ই-পাসপোর্ট দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করার কথা ছিল। সর্বসাধারণকে জানুয়ারিতে পাসপোর্ট দেয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে নানা জটিলতায় তা সম্ভব হয়নি।
















