কবি আল মাহমুদ আর নেই

ইসলাম টাইমস ডেস্ক : বাংলা ভাষার অন্যতম প্রধান কবি আল মাহমুদ আর নেই। আজ রাত ১১টা ৫ মিনিটে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।

তার ছেলে শরীফ মাহমুদ ইসলাম টাইমসকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ ১১ টা ৫ মিনিটে আব্বা আইসিইউতে মারা গেছেন।

তবে তার জানাযা ও দাফন বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি বলে তিনি জানান। তবে ঢাকা ও আল মাহমুদের গ্রামের বাড়ি বি-বাড়িয়াতে পৃথক দুটি জানাযা হতে পারে।

শরীফ মাহমুদ পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার পিতার মাগফিরাতের দোয়া কামনা করেন।

এর আগে ৯ ফেব্রুয়ারি রাতে গুরুতর অসুস্থ অবস্থায় কবিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। ওই দিন ইবনে সিনা হাসপাতালে তাঁকে প্রথমে সিসিইউতে ও পরে আইসিইউতে নেওয়া হয়। তিনি অধ্যাপক ডা. মো. আবদুল হাইয়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

সর্বশেষ আজ শুক্রবার তাঁকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়।

বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সক্রিয় থেকে যিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্‌ভঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন, তিনি কবি আল মাহমুদ। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবিও তিনি। তাঁর প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। একাধারে একজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক তিনি।

পূর্ববর্তি সংবাদফিলিস্তিনিদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্মেলন করছে আয়ারল্যান্ড
পরবর্তি সংবাদমানুষকে আল্লাহমুখী করাই দাওয়াতি মেহনতের মূল উদ্দেশ্য : মাওলানা ইবরাহিম দেওলা