ইবরাহিম খলিল সাকিব ।।
বর্তমানে ইজতেমার মাঠ থেকে বিশ্ব ইজতেমা কেন্দ্রিক প্রকাশিত প্রিন্ট পত্রিকাগুলোর শীর্ষে রয়েছে “দৈনিক বিশ্ব ইজতেমা”। হাটিহাটি পা পা করে পত্রিকাটি এবার তার পঞ্চম বছরে পদার্পণ করেছে। পত্রিকাটি ২০১৫ সালে মাত্র ১২ জন উদীয়মান তরুন লেখকদের প্রচেষ্টায় শুরু হয়ে প্রথম বছরে-ই ব্যাপক সাড়া ফেলেছে।
ইজতেমা কেন্দ্রিক দৈনিকের উদ্বোধন ঘটে ‘ইজতেমা প্রতিদিন’ নামের একটি দৈনিক দিয়ে। ২০১০ সালে এ জাতীয় পদক্ষেপের সূচনা। পরের বছর থেকেই এ উদ্যোগের সংখ্যা বাড়তে থাকে। শুরু যারা করেছিলেন পরে তারা নবাগতদের জায়গা ছেড়ে দিয়ে সরে যান লেখালেখি-সাংবাদিকতার ব্যস্ততাপূর্ণ জগতে। বর্তমান বছরে ‘দৈনিক বিশ্ব ইজতেমা’র বিচরণটা এ অঙ্গনে উল্লেখ করার মতো।
দৈনিক বিশ্ব ইজতেমার সম্পাদক ‘জাকারিয়া মাহমুদ’ বলেন, “জাতীয় তাকমিল পরিষদ বাংলাদেশ” এর উদ্যোগে পত্রিকাটি বের করি। আমরা বরাবরই পাঠকদের চাহিদা পূরণের চেষ্টা করেছি। এজন্যই পাঠক আমাদের ভালোবাসে । তাছাড়া পত্রিকার পাঠকদের দাবি, দৈনিক বিশ্ব ইজতেমা তাদেরকে ইজতেমার ম্যাপ থেকেও বেশি উপকার দিচ্ছে।
পত্রিকাটি এখন দেশের সীমানা পেরিয়ে ভারত পাকিস্তানসহ আরববিশ্বকে যাচ্ছে বলে জানায় পত্রিকার বার্তা সম্পাদক ‘হাবীবুল্লাহ সিরাজ’। চলমান (২০১৯) ইজতেমায় পত্রিকাটি আরো সৃজনশীল হয়ে উঠেছে। ঝরঝরে লেখা আর হেদায়াতী বয়ানের খুঁটিনাটি তথ্যসমৃদ্ধ পত্রিকাটি এখন সকলের প্রিয় পত্রিকা।
















