স্কুলের দুর্নীতি জাতির ভবিষ্যত ধ্বংস করে: দুদক চেয়ারম্যান 

ইসলাম টাইমস ডেস্ক:  দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, অনেকে প্রশ্ন তোলেন, দুদক পাঁচ হাজার কোটি টাকার দুর্নীতি দেখবে না, স্কুলের দুর্নীতি দেখবে? আমার কাছে মনে হয়, স্কুলটাই বেশি গুরুত্বপূর্ণ। কারণ এটা জাতির ভবিষ্যত ধ্বংস করে। এটা সবটাই যার যার দর্শনের ব্যাপার।

রবিবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কমিশনের চেয়ারম্যান বলেন, সব দুর্নীতি আমাদের ম্যান্ডেট না। সরকারের অনেক প্রতিষ্ঠান রয়েছে। দুদকের মূলত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি দেখার কথা। তবে আমরা সরকারকে সময়ে সময়ে বিভিন্ন বিষয়ে সুপারিশ দিতে পারি। আমরা একটি ইথিক্যাল কোড অব কন্ট্রাক্ট তৈরি করার চেষ্টা করছি। যেটা সরকারের হাতে তুলে দেব। কান্ট্রিওয়াইড বাস্তবায়ন হবে।’

দুর্নীতিবাজদের সতর্ক করে ইকবাল মাহমুদ বলেন, ২০১৮ সালে ৬৩ শতাংশ মামলায় সাজা হয়েছে, যা আগের বছরে ছিল ৬৮ শতাংশ। এটাকে আমরা পজিটিভ হিসেবে দেখছি। দুর্নীতি কমে যাচ্ছে।

তিনি আরও বলেন, সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে রাজনীতি। আশার কথা হচ্ছে, এবার নির্বাচনের আগে সব রাজনৈতিক দল দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে। মানুষ দুদকের উপর আস্থা রাখছে। তবে কিছু ব্যর্থতাও রয়েছে। যে মাত্রায় দুর্নীতি কমার কথা, সে মাত্রায় দুর্নীতি কমেনি।’

আলোচনা সভায় সারাদেশ থেকে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। তারা দুদকের কৌশলপত্র নিয়ে আলোচনা করেন। তারা জনসচেতনতা বৃদ্ধি, দুর্নীতি বিরোধী ক্লাব গঠনের সুপারিশ তুলে ধরেন। এসময় দুদকের সচিবসহ ঊর্দ্ধতন সবাই উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবির গুলির প্রতিবাদে মানববন্ধন
পরবর্তি সংবাদআল্লাহর আকাশের নিচে কোথাও না কোথাও গণশুনানি করবই : আসম আবদুর রব