বাংলাদেশ ও আমিরাতের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে  বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এবং বিদ্যুৎ খাতে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রোববার স্থানীয় সময় বিকেলে আবু ধাবির সেন্ট রেগিজ হোটেলে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রী সুলতান আল মনসুরির নেতৃত্বাধীন ১৫ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের  সঙ্গে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শেষে তাঁর  উপস্থিতিতে এই স্মারকগুলো স্বাক্ষরিত হয়।

পররাষ্ট্রসচিব শহীদুল হক বলেন, ‘এই স্মারকের মূল ফোকাস হলো পোর্ট ও শিল্পপার্ক। কারণ, ডিপি ওয়ার্ল্ড বলছে, তারা যেখানে পোর্ট তৈরি করে, সেখানে পোর্টের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে না, শিল্পপার্কও তৈরি করে।’

আরেকটি সমঝোতা হয়েছে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে এমিরেটস ন্যাশনাল ওয়েল কোম্পানির। এতে সই করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং এমিরেটস ন্যাশনাল ওয়েল কোম্পানির গ্রুপ সিইও সাইফ আল ফালাসি।

তৃতীয় সমঝোতা স্মারক সই হয়েছে আমিরাতের রাজপরিবারের সদস্য ও বিনিয়োগকারী শেখ আহমেদ ডালমুখ আল মাখতুম এবং পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদের মধ্যে। এর আওতায় দুই ধাপে ৮০০ থেকে ১০০০ মেগাওয়াটের এলএনজি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং ১০০ মেগাওয়াটের আরেকটি সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কথা বলা হয়েছে।

চতুর্থ চুক্তি হয়েছে মাতারবাড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে। এটাতেও সই করেছেন শেখ আহমেদ ডালমুখ আল মাখতুম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ এবং বিদ্যুৎ বিভাগের সচিব আহমেদ কায়কাউস বৈঠকে উপস্থিত ছিলেন।

 

পূর্ববর্তি সংবাদরাজধানীতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গ্যাস থাকবে না
পরবর্তি সংবাদখুলনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯৩