ইসলাম টাইমস ডেস্ক: বরিশালে ডাস্টবিন থেকে প্রায় ৩১ মানব ভ্রূন উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের ডাস্টবিন থেকে পরিচ্ছন্নতাকর্মীরা ভ্রূণগুলো উদ্ধার করে।
হাসপাতালে অপরিণত প্রসবের ভ্রূণগুলো মাটি চাপা দেওয়ার কথা থাকলেও গাফলতির কারণে তা না করায় ইতিমধ্যে গাইনি বিভাগে প্রধান অধ্যাপক খুরশিদা জাহান ও এই বিভাগের নার্সিং সুপারভাইজর জোছনা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হাসপাতাল পরিচালক ডা. মো. বাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালে পরিচালক ডা. বাকির হোসেন গণমাধ্যমকে বলেন, মূলত অপরিণত যেসব ভ্রূণ হাসপাতালে প্রসব হয়, বিভিন্ন বয়সের সেসব ভ্রূণ ফরমালিন দিয়ে হাসপাতালে গবেষণার জন্য সংরক্ষণ করা হয়। এটা মেডিকেল কলেজের শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। ভ্রূণগুলো এখন উপকরণ হিসেবে ব্যবহারযোগ্য নয়। তাই এগুলো ফেলে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু ফেলে দেওয়ার পদ্ধতিটা ঠিক হয়নি। এগুলো মাটি চাপা দেওয়ার কথা। কিন্তু সেটা না করে ডাস্টবিনে ফেলে দেওয়াটা অনুচিত হয়েছে। ফলে খতিয়ে দেখার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটা যারা করেছে, অবশ্যই তাদের শাস্তি হবে।
















