ইসলাম টাইমস ডেস্ক : আগামী ৩ মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। আজ শুনানির দিন ধার্য থাকলেও অসুস্থতার কারণে খালেদা জিয়াকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।
বুধবার পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার নবম বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে এ মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় শুনানির পরবর্তী দিন আগামী ৩ মার্চ ধার্য করেছেন আদালত।
এছাড়া গত ১২ ফেব্রুয়ারি খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যে আবেদন করা হয়েছিল এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান বিচারক।
আজ খালেদা জিয়ার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী, আব্দুর রেজাক খান ও মাসুদ আহমেদ তালুকদার।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।
২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয়। মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।
















