ইসলাম টাইমস ডেস্ক : ভারতের এমন কিছু করা উচিৎ হবে না যাতে উত্তেজনা তৈরি হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের বহুল আলোচিত নাগরিকত্ব বিষয়ক সংশোধিত বিল বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তিনি জানেন এই বিলটি (নাগরিকত্ব বিল) নিয়ে ভারতের মানুষজনও খুশি নন। ‘আমি মনে করি তাদের (ভারতের) এমন কিছু করা উচিত হবে না, যা উত্তেজনা সৃষ্টি করে’।
মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে প্রধানমন্ত্রী এই কথা বলেন।
এ সময় বিলটির উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, ভারতে নাগরিকত্ব বিল কি নির্বাচনী তৎপরতা? এ বিলের অভিপ্রায় কি সে সম্পর্কে আমি বুঝতে পারছি না।
মুখে হাসি নিয়ে তিনি বলেন, এটা কি রাজনৈতিক উদ্দেশে?
তিনি আরো বলেন, আসাম ও ভারতের অন্যান্য স্থানে (বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলো) বোমা হামলার মতো ঘটনা ঘটেছে। কিন্তু ভারতের বিচ্ছিন্নতাবাদী, যারা বাংলাদেশে বসে অপারেশন চালাতো, তাদের বিরুদ্ধে তার সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। তারপর থেকে এমন বোমা হামলার ঘটনা আর ঘটে না।
শেখ হাসিনা বলেন, একটি প্রতিবেশী দেশ হিসেবে এসব বিষয় তাদের (ভারতের) বিবেচনা করা উচিত।
















