ইসলাম টাইমস ডেস্ক : আজ ঢাকা উত্তর সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ায় প্রার্থী ও রাজনৈতিক দলের উপর ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ভোটের পরিবেশ তৈরি করে। তারা ভোটার আনে না। তাই আজ দুই সিটির নির্বাচনে ভোটারের উপস্থিতি যে কম, এর দায় ইসির না। দায় প্রার্থী ও রাজনৈতিক দলগুলোরই।
আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি এসব কথা বলেন।
সাংবাদিকরা নির্বাচনকে ‘ভোটারবিহীন’ বললে, সিইসি বলেন, এ নির্বাচন ভোটারবিহীন নয়। ভোটার উপস্থিতি কম। তবে দিন শেষে এই উপস্থিতি কিছুটা বাড়বে। তবে সার্বিক বিবেচনায় ভোটার উপস্থিতি কম।
ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, এ নির্বাচনের মেয়াদ অল্প দিনের। ফলে ভোটারদের আগ্রহ কম। আবার এখানে সব দল অংশ নেয়নি। এতেও উপস্থিতি কম হয়েছে।
ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন, নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন, দুইটি ওয়ার্ডে উপনির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বিজয়ীরা নির্বাচিত হবেন এক বছরের জন্য।
নির্বাচনে সব দল যে এল না ইসি কি তার দায় নেবে—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সিইসি নুরুল হুদা বলেন, এটা রাজনৈতিক দলের দায়। এখানে নির্বাচন কমিশনের কোনো দায় নেই।
















