ইসলাম টাইমস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাম ছাত্র সংগঠনগুলোর বাধার মুখে ক্যাম্পাস ছেড়েছে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ। শনিবার দুপুরে সাড়ে ১২টার দিকে মধুর ক্যান্টিন এলাকায় মিছিল বের করলে ছাত্র ইউনিয়নসহ বিশ্ববিদ্যালয়ের বামছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীরা তাদের ধাওয়া দেয়।
বামছাত্র সংগঠনগুলোর দাবি, জাতীয় ছাত্র সমাজ ক্যাম্পাসে নিষিদ্ধ। তাই তাদের প্রতিহত করা হয়েছে। তবে, প্রশাসনিকভাবে তাদের নিষিদ্ধ হওয়ার কথা জানা যায় না।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মধুর ক্যান্টিনের সামনে ২০-৩০ জনের একটি মিছিল বের করে জাতীয় ছাত্র সমাজ। এ সময় তারা এরশাদের নামে স্লোগান দেয়। তখন মধুর ক্যান্টিনে থাকা ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা হঠাৎ তাদের ধাওয়া করে। পরে তাদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, জাসদ ছাত্রলীগ, ছাত্রমৈত্রীর নেতাকর্মীরাও যোগ দেন। এ সময় ছাত্র সমাজের নেতাকর্মীরা দ্রুত পালিয়ে যায়।
পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের কলে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। তারা বলেন, প্রশাসনের আস্কারাতেই ক্যাম্পাসে ছাত্র সমাজ মিছিল করার সাহস পেয়েছে। প্রশাসন না পারলে ছাত্র সমাজকে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোই প্রতিহত করবে।
















