ইসলাম টাইমস ডেস্ক : নিজেকে নিয়ে তুমুল বিতর্কের মধ্যেই শুক্রবার মসজিদে আলোচনায় অংশ নিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
গতকাল শুক্রবার মালিবাগ মোড়ের বাইতুল আমান মসজিদে জুম্মার নামাজের আগে বক্তব্য দেন তিনি।
বক্তব্যে তিনি হেফাজতে ইসলামের প্রতি ইঙ্গিত করে বলেন, দেশে একটি বিশেষ মহল ধর্ম নিয়ে বড় বড় কথা বললেও তারা ধর্মের অনুসরণ করে না। এমনকি নারীদের সম্মান করে না। ফলে সমাজের মধ্যে সৃষ্টি হয় বিভাজন। এর বিপরীতে আমাদের সবাইকে দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মেনন আরও বলেন, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সা. তাঁর বিদায় হজের ভাষণে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। তিনি সেই ভাষণে নারীর প্রতি বৈষম্য না করতে, তাদের সম্মান এবং সুরক্ষার জন্য নির্দেশ দিয়ে গেছেন।
মেনন বলেন, ধর্ম শান্তির জন্য। সেই শান্তির ধর্মকে বাংলাদেশ অনুসরণ করে উগ্রতাকে নয়।
















