ইসলাম টাইমস ডেস্ক: দেশের ৭৮ উপজেলায় শুরু হয়েছে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ । সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ইসি সূত্রে জানা যায়, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের ১২ জেলার ৮৭ উপজেলায় আজ প্রথম দফা ভোট গ্রহণের কথা ছিল। তবে আদালতের আদেশে রাজশাহীর পবা, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ভোট স্থগিত করা হয়।
এছাড়া প্রভাব খাটানোর অভিযোগে লালমনিরহাটের আদিতমারী, নেত্রকোনার পূর্বধলা ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভোট স্থগিত করেছে ইসি। এছাড়া মোলান্দহ-মাদারগঞ্জ এবং নাটোর সদরে সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সুতারং আজ ভোটগ্রহণ হচ্ছে ৭৮ উপজেলায়।
নির্বাচনে চেয়ারম্যান পদে ২০৭ জন, ভাইস চেয়ারম্যান ৩৮৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৮ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন রয়েছেন।
















