ইসলাম টাইমস ডেস্ক : আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচিতদের সঙ্গে কথা বলবেন।
তিনি শনিবার (১৬ মার্চ) বিকেল চারচায় গণভবনে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে।
ডাকসু’র নির্বাচিত ভিপি নুরুল হক নুরও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘দেশের প্রধানমন্ত্রী যখন সবাইকে চায়ের নিমন্ত্রণ জানিয়েছেন সেখানে আমাদের সবার যাওয়া উচিত। আমরা যাচ্ছি গণভবনে।’
প্রসঙ্গত, সোমবার (১১ মার্চ) দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় পরিষদে ২৫টির মধ্যে ২৩টি পদ পায় ছাত্রলীগ। অধিকাংশ হলেই পূর্ণ প্যানেলে বিজয়ী হয় সংগঠনটির প্রার্থীরা। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তোলে ছাত্রলীগ বাদে সব প্যানেল ও ছাত্র সংগঠন।
















