ইসলাম টাইমস ডেস্ক : নিউজিল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা ও ৪৯ মুসলিমের শাহাদাত লাভের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা টুইট বার্তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
গতকাল নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার পর ট্রাম্প দুটি টুইট করেন। প্রথমটি তিনি নিজে কোনো মন্তব্য না করে আমেরিকার ডানপন্থী নিউজ সাইট ব্রেইটবার্ট নিউজের একটি খবরের লিংক পোস্ট করেন। সেখানে হামলা নিয়ে কোনো নিন্দা বা হতাহত ব্যক্তিদের জন্য কোনো সমবেদনা ছিল না। কারণ, এপির তথ্য নিয়ে হামলার খবরটি তৈরি করে ব্রেইটবার্ট নিউজ। খবরটির নিচে পাঠক মন্তব্য ছিল খুবই অশালীন, ব্যঙ্গাত্মক ও কুরুচিপূর্ণ।

পরে তিনি ওই টুইট মুছে দিয়ে নতুন আরেকটি টুইট করেন। ১০ ঘণ্টা পর তিনি আরেক টুইটে হামলার নিন্দা জানান এবং নিউজিল্যান্ডের পাশে থাকার কথা জানান। তবে সেখানে ইসলাম বিদ্বেষ ও সন্ত্রাস শব্দের উল্লেখ না থাকায় তা নিয়েও বেশ কঠোর সমালোচনা হচ্ছে মার্কিন গণমাধ্যমে। গণমাধ্যমের দাবি ট্রাম্প মুসলিম বিদ্বেষ ও সন্ত্রাস শব্দের ব্যবহার না করায় বিশ্ববাসীর কাছে ভুল বার্তা পৌঁছানো হয়েছে।
















