ইসলাম টাইমস ডেস্ক: আফ্রিকার দেশ মালির একটি গ্রামে ঐতিহ্যবাহী ডগন শিকারিদের পোশাক পরিহিত বন্দুকধারীদের হামলায় অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার (২৩ মার্চ) দেশটির মপটি অঞ্চলের ওই গ্রামে হামলা চালানোর আগে গ্রামটি ঘিরে ফেলা হয়। মূলত গ্রামের ফুলানি নৃগোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করেই হামলা চালানো হয়। এই হামলাকে গণহত্যা বলে মন্তব্য করেছেন প্রতিবেশি গ্রামের মেয়র।
মালিতে ক্ষুদ্র নৃগোষ্ঠি ও সশস্ত্র দলগুলোর মধ্যে সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের দূতগণ দেশটিতেই অবস্থান করছিলেন। এরই মধ্যে এই হামলার ঘটনা ঘটলো।
ডগন শিকারি ও আধা যাযাবর জীবনধারণকারী ফুলানি জনগোষ্ঠির সদস্যদের মধ্যে ভূমি ও পানির অধিকার নিয়ে আগে থেকেই সমস্যা ছিল।
ডগনদের দাবি, ফুলানি গোষ্ঠির সদস্যদের সঙ্গে কোনো সশস্ত্র গ্রুপের সম্পর্ক আছে। অন্যদিকে ফুলানিদের দাবি মালির সেনাবাহিনী ডোগনদের অস্ত্র দিয়ে তাদের বিরুদ্ধে লড়তে সাহায্য করে।
তবে এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কেউ।
সূত্র : বিবিসি
















