ইসলাম টাইমস ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে অস্ত্রধারীদের হামলায় মন্ত্রীসহ ৫ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। একটি সরকারি ভবন জিম্মি করে হামলাটি চালানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এপি’র খবরে এ তথ্য জানানো হয়েছে।
সোমালিয়ার সরকারি কর্মকর্তা ক্যাপ্টেন মোহামেদ হোসাইন বলেন, মন্ত্রী সাকার ইব্রাহিম আব্দুল্লাহ ওই ভবনের নীচতলায় ছিলেন। হামলা শুরুর অল্পক্ষণ পরই তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
ভবনের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানোর পাঁচজন বন্দুকধারী ভবনটিতে ঢুকে হামলা চালায়। ভেতরে বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
বর্তমানে সোমালিয়ার নিরাপত্তা বাহিনী অভিযান শেষ করে ভবনটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা এপির প্রতিবেদককে জানিয়েছেন। হামলার সময় সরকারি ভবনটির বাইরে সরকারি সেনাদের আতঙ্কে ছোটাছুটি করতে দেখা গেছে।
নিহত সাকার ইব্রাহিম আব্দুল্লাহ সোমালিয়া সরকারের শ্রম ও সমাজকল্যাণ বিভাগের মন্ত্রী ছিলেন। সোমালিয়া আল-শাবাব এ হামলা দায় স্বীকার করেছে ।
















