চট্টগ্রামে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮, আহত ২০

ইসলাম টাইমস ডেস্ক:  চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ আটজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় চুনতির জাঙ্গালিয়া নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে। দুর্ঘটনায় বাসের ২০জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চকরিয় ও কক্সবাজারের কয়েকটি হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনায় নিহত আটজনের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন কক্সবাজার সদরের পিএমখালীর ছনখোলা নয়াপাড়া এলাকার মো. জিসানের স্ত্রী তসলিমা আক্তার (২০), তাঁর মেয়ে সাদিয়া (২), তসলিমা আক্তারের মা হাসিনা মমতাজ (৪৫), কক্সবাজারের চকরিয়ার উত্তর মেধাকচ্ছপিয়া এলাকার ভান্ডু মিয়ার ছেলে মো. নুরুল হুদা (২৫), চট্টগ্রামের লোহাগাড়ার সিকদারপাড়া এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে আফজাল হোসেন সোহেল (৩০) ও বাঁশখালীর শেখেরখীল এলাকার মো. সিদ্দিকের ছেলে মো. সায়েম (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মহাসড়কের লোহাগাড়ার চুনতির জাঙ্গালিয়া নামক এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বিলাসবহুল রিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী এসি বাসের সঙ্গে কক্সবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ আটজন নিহত হন। সংঘর্ষের ঘটনায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।

ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকও নিহত হয়েছেন। বাসের চালক ও সহকারীরা পালিয়ে গেছেন। বাস ও মাইক্রোবাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদকাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে ঢাকায় খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত 
পরবর্তি সংবাদব‌রিশাল বিশ্ববিদ্যাল‌য় অনি‌র্দিষ্টকা‌লের জন্য বন্ধ