ইসলাম টাইমস ডেস্ক : রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ আগুনের উত্তাপে ওই ভবনের কাঁচ ফেটে খসে খসে পড়ছে বলে জানা গেছে। একই আগুন পার্শ্ববর্তী ভবনগুলোতেও ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
ভয়াবহ এ আগুন থেকে বাঁচতে মানুষকে লাফিয়ে পড়তেও দেখা গেছে। অনেকে ভবনের গ্লাস ভেঙে লাল, সাদা কাপড় দিয়ে ইঙ্গিত দেয়াসহ নানাভাবে বাঁচার আকুতি জানাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুন বেড়ে চলছে। এতে ভবনটির গ্লাস ফেটে যাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ভেতরে বহু মানুষ আটকা পড়ে আছে। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
















