ক্ষতিপূরণ না দিলে গ্রিন লাইন পরিবহনের বাস বিক্রি করা হবে : আদালত

ইসলাম টাইমস ডেস্ক : নির্ধারিত সময়ের মধ্যে প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করায় গ্রিন লাইন পরিবহনের উপর ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট।

আদালত বলেছেন, ‘যত বড় বিজনেস ম্যান হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে হয়ে যাননি। একটা সীমা থাকা দরকার। ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করলে প্রয়োজনে গ্রিন লাইন পরিবহনের সব গাড়ির চলাচল বন্ধ করে দেওয়া হবে। সব গাড়ি সিজ করে নিলামে বিক্রির ব্যবস্থা করে রাসেলকে টাকা দেওয়া হবে।’

ক্ষতিপূরণের অগ্রগতির বিষয়ে শুনানিকালে বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন।

একইসঙ্গে আদালতের আদেশ পালন না করায় বৃহস্পতিবার দুপুর ২টার মধ্যে পরিবহনটির ব্যবস্থাপককে তলব করেছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খন্দকার শামসুল হক রেজা। অন্যদিকে, গ্রিন লাইন পরিবহনের পক্ষে ছিলেন আইনজীবী মো. অজি উল্লাহ।

এর আগে গত ১২ মার্চ রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।

একইসঙ্গে রাসেলের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে বহন করতে এবং তার কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করতে বলা হয়েছে। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল করে গ্রিন লাইন কর্তৃপক্ষ। এরপর গত ৩১ মার্চ হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গ্রিন লাইন পরিবহনের করা আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকারচালকের ওপর দিয়ে বাস চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারচালক রাসেল সরকারের (২৩) বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

পূর্ববর্তি সংবাদদেশের শতভাগ মানুষ দূষিত বায়ুতে বসবাস করে!
পরবর্তি সংবাদবাগেরহাটে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন ভাইকে খুন!