ইবরাহিম ফুআদ ।। হাটহাজারী থেকে
বাংলা নববর্ষ উদযাপনের নামে প্রচলিত মঙ্গল শোভাযাত্রা ইসলাম পরিপন্থী বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম, বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, বছরের প্রথম দিনে বাঘ-ভাল্লুক, সাপ, বিচ্ছু, কুমির, পেঁচা, ময়ূর ও বিভিন্ন দেব-দেবীর বড় বড় মূর্তি ও ছবি নিয়ে মুখোশ পরে মঙ্গল শোভাযাত্রা বের করা বিজাতীয় সংস্কৃতি। ইসলাম এসব কাজ অনুমোদন করে না। তাই মুসলমানের তা থেকে বিরত থাকা উচিত।
গতকাল ৪ এপ্রিল (বৃহস্পতিবার) হাটহাজারী উপজেলা অডোটেরিয়ামে সামাজিক সংগঠন ‘অপ্রতিদ্বন্দ্বী’র উদ্যোগে আয়োজিত ‘বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সা.-এর জীবন কর্ম-শীর্ষক সেমিনারে’ প্রধান অতিথির আলোচনায় এই মন্তব্য করেন তিনি।
মাওলানা এমরান সিকদারের উপস্থাপনায় এবং হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আহমাদ দীদার কাসেমী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কবি মুহিব খান, মাওলানা গোলাম রব্বানী ইসলামাবাদী, মাওলানা নূরুল আবসার আজহারী, মুহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা মীর ইদরিস, মাওলানা নাসির উদ্দিন মুনির প্রমুখ।
আল্লামা বাবুনগরী বলেন, মুসলমানরা ইসলামি সংস্কৃতি বিসর্জন দিয়ে অনৈসলামিক সংস্কৃতি গ্রহণ করার কারণে আজ পুরো বিশ্বে লাঞ্ছিত-অপমানিত হচ্ছে।
তিনি আরও বলেন, মুসলমানদের নিজস্ব সংস্কৃতি আছে। মুসলমানরা সেগুলো মানবে। আল্লাহর রাসুলের দেখানো পথে চলবে। কিন্তু দুঃখজনক বর্তমান মুসলমানরা আজ অনৈসলামিক সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে। এ সময় তিনি দেশের জাতীয় শিক্ষা কারিকুলামে সিরাতের অন্তর্ভূক্তির পরামর্শ দেন।
অনুষ্ঠানে কবি মুহিব খান সঙ্গীত পরিবেশন করেন।
















