ভ্রাম্যমান প্রতিনিধি ।। ইস্তাম্বুল
নিউইয়র্ক শরীয়া বের্ডের চেয়ারম্যান প্রবাসী বাংলাদেশী শায়খ মুফতি জামালুদ্দীন ৩ দিনের এক সংক্ষিপ্ত সফরে তুরস্কের ইস্তাম্বুল সফরে শনিবার (১৩ এপ্রিল) সাক্ষাত করেন পৃথিবীবরেণ্য আলেম শায়খ মুহাম্মাদ আওয়ামার সঙ্গে। এছাড়া পরদিন ইস্তাম্বুল তাবলিগ জামাতের মারকাজেও উপস্থিত হয়েছিলেন তিনি।
সফরের তৃতীয় দিন সোমবার (১৫ এপ্রিল) শায়খ জামালুদ্দীন উপস্থিত হন তুরস্কের প্রবীণ আলেম শায়খ মাহমুদ আফেন্দী নকশবন্দীর দরবারে।
জানা গেছে, শায়খ মুহাম্মাদ আওয়ামার সঙ্গে সাক্ষাতের সময় তিনি মুফতি জামালুদ্দীনকে একটি হাদিসের দরস দান করেন। দরসের পাশাপাশি শায়খ আওয়ামা মাসনুন একটি দোয়াও তাকে শিখিয়ে দেন এবং বলেন, মুফতি জামালুদ্দীন যেন তার সহকর্মী, সম্পর্কিত জন ও ছাত্রদেরও এ দোয়াটি শিখিয়ে দেন। অত্যন্ত বরকতময় সান্নিধ্য ও সবক লাভের অনুভূতি নিয়ে শায়খ জামালুদ্দীন সেখান থেকে বিদায় গ্রহণ করেন।

মুফতি জামালুদ্দীনের সফরসঙ্গী তার ছেলে নিউইয়র্ক বাইতুল হামদ ইনস্টিটিউটের সহ-পরিচালক মাওলানা আনাসউদ্দীন জানান, এরপর তাদের সফর হয় ইস্তাম্বুল তাবলিগ জামাতের মারকাজে। সেখানে মারকাজের মুরব্বিদের সঙ্গে সাক্ষাত ও মশওয়ারায় শরিক হন মুফতি জামালুদ্দীন।
মাওলানা আনাস জানান, ইস্তাম্বুল মারকাজের প্রতিষ্ঠা ৪০ বছর আগে। সেখানে বৃহস্পতিবারের শবগুজারিতে প্রায় এক হাজার দাঈ-মুসল্লি নিয়মিত অংশগ্রহণ করে থাকেন। চিল্লার সাথী প্রায় তিন হাজার এবং সাল লাগানো আলেমের সংখ্যাও শতাধিক। মারকাজের অধীনে পরিচালিত ২টি মাদরাসার একটি আরবদের জন্য, অপরটিতে পড়াশোনা করেন অনারব ছাত্ররা।

ইস্তাম্বুলে ইলম ও দাওয়াতের কয়েকটি আলোকিত কেন্দ্র ও ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাত ও সান্নিধ্যের সফর শেষ করে শায়খ মুফতি জামালুদ্দীন নিউইয়র্কের উদ্দেশে রওয়ানা দেন আজ।
















