ইসলাম টাইমস ডেস্ক: ভারতে লোকসভা ভোটের মুখে পশ্চিমবঙ্গ রাজ্যের এক বিজেপি নেতার বিরুদ্ধে দলেরই এক নারী নেত্রীর শ্লীলতাহানীর চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। রানাঘাটে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা পার্টি অফিসে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত বিজেপি নেতার নাম রাখাল রঞ্জন সাহা। রানাঘাটে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা পার্টি অফিসের অফিস সম্পাদক তিনি। বিজেপির ওই নারী নেত্রীর অভিযোগ, গত বৃহস্পতিবার রাতের দিকে ভোট প্রচারের কিছু জিনিস নিতে তিনি পার্টি অফিসে যান। তখন একটি ফাঁকা ঘরে তার শ্লীলতাহানীর চেষ্টা করেন অফিস সম্পাদক রাখাল রঞ্জন সাহা। কোনোরকমে তিনি ওই জায়গা থেকে পালিয়ে আসেন।
ওই নারীর আরও অভিযোগ, ঘটনার পর গোটা বিষয়টি তিনি বিজেপির দক্ষিণ নদিয়া সাংগঠনিক জেলার সভাপতি জগন্নাথ সরকারসহ দলের শীর্ষ নেতাদেরও জানিয়েছিলেন। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি বিজেপি নেতারা।
উল্লেখ্য, অনেক টালবাহানার পর রানাঘাট কেন্দ্রে প্রার্থী হয়েছেন জগন্নাথ সরকার। তার কথায়, ‘যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তার বয়স সত্তর পেরিয়ে গিয়েছে। খোঁজখবর না নিয়ে কিছু বলতে পারব না।’
















