ইসলাম টাইমস ডেস্ক: কিশোরগঞ্জে দোকানের কর্মচারী সাগর মিয়ার হত্যাকারীদের বিচারের দাবিতে তার লাশ কাঁধে নিয়ে বিক্ষোভ করে এলাকাবাসী ও তার সহপাঠীরা।
আজ বুধবার দুপুরে ময়নাতদন্ত পর মর্গ থেকে লাশ ফেরত দিলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এ সময় বিক্ষোভকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের বিচারের দাবিতে স্লোগান দেন।
গতকাল মঙ্গলবার রাতে শহরের পাট গবেষণা ইন্সটিটিউটের পেছনের রাস্তায় সাগর মিয়ার ওপর কয়েকজন সশস্ত্র হামলা চালায় ও তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।
সাগর মিয়াকে হত্যার পর সন্ত্রাসীরা হারুয়া এলাকার কয়েকটি দোকান ভাঙচুর করে ও সশস্ত্র মহড়া দিয়ে আতংক সৃষ্টি করে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, ঘটনায় সন্দেহজনকভাবে ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জরিতদের গ্রেফতার অব্যাহত আছে।
















