ইসলাম টাইমস ডেস্ক: নাটোর সদর উপজেলার কলেজ শিক্ষক আব্দুল জলিলের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ করেছেন তার স্ত্রী। কলেজ কর্তৃপক্ষ এ ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল নাটোর সদর উপজেলার চন্দ্রকোলা বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের শিক্ষক আব্দুল জলিলের স্ত্রী মিমি খাতুন কলেজ অধ্যক্ষের কাছে ছাত্রী ধর্ষণের অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, তার অনুপস্থিতিতে স্বামী আব্দুল জলিল কলেজের এক ছাত্রীকে নিয়ে নাটোর শহরে তাদের ভাড়া করা বাসায় যায়। সেখানে এক পর্যায়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করলে ওই ছাত্রীর চিৎকারে বাসার মালিক রক্তাক্ত অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করেন। পরে অভিযোগপ্রাপ্তির পর কলেজ কর্তৃপক্ষ ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তকালে কমিটি ঘটনার সত্যতা পান।
অপরদিকে অভিযুক্ত শিক্ষক আব্দুল জলিল এ অভিযোগ অস্বীকার করে জানান, তিনি গত ১২ তারিখ থেকে অসুস্থ রয়েছেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। কলেজের ব্যবস্থাপনা কমিটির নানা বিষয়ের সঙ্গে দ্বিমত পোষণ করায় ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলেও তিনি দাবি করেন।
এ ব্যাপারে কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি আহাদ আলী সরকার বলেন, আমরা এ ঘটনার তদন্ত করেছি। তদন্তকালে অভিযুক্ত শিক্ষকের স্ত্রী, ভিকটিম ও ভিকটিমের মায়ের বক্তব্য গ্রহণ করা হয়েছে। তদন্তে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে। দায়ী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
















