ইসলাম টাইমস ডেস্ক: অবৈধভাবে থাকা নাগরিকদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত না নেয়ায় পাকিস্তানের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে এখন থেকে কোন পাকিস্তানি পাসপোর্টধারীকে নতুন করে ভিসা দেওয়া হবে না বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা আরোপিত হবে বলে জানা গেছে।
গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে। সূত্র: পিটিআই
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এবং ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া পাকিস্তানিদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের কনস্যুলার কার্যক্রম এখনো অপরিবর্তিত রয়েছে। ফলে গত ২২ এপ্রিল পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলের বিষয়টি অনুমোদন পেয়েছে।
মার্কিন নিষেধাজ্ঞায় পড়া দেশের তালিকায় আরও রয়েছে, লিবিয়া, ইরাক, ইরান, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন। সেখানে প্রাথমিকভাবে পাকিস্তানের নামও বিবেচনায় নিয়েছিল।
এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘ট্রাম্প যদি পাকিস্তানের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেন তাহলে মেধা পাচার কমে আসবে। তখন পাকিস্তানিরা নিজ দেশের সমস্যা সমাধানের দিকে নজর দেবেন। তারা পাকিস্তানকে আরও ভালো অবস্থানে নেবার চেষ্টা করবেন।’
















