চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জের ধরে কৃষককে পিটিয়ে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক: চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জের ধরে হেদায়েত মন্ডল (৪৮) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের লোকজন। এ ঘটনার পর ওই গ্রামে দুইপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

নিহত হেদায়েত মন্ডল সদর উপজেলার হাসনহাটি গ্রামের মৃত পুটে মন্ডলের ছেলে।

জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসনহাটি গ্রামে একটি ইটভাটা নির্মাণকে কেন্দ্র করে ওই গ্রামের হেদায়েত মন্ডল ও কাদের আলীর মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে বুধবার রাতে হেদায়েত মন্ডলের ছেলে আক্তারের সঙ্গে কাদের আলীর ভাগ্নে শাহীনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন হেদায়েত মন্ডল। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান জানান, ঘটনার পর হাসনহাটি গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। আজ মরদেহের ময়না তদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ ব্যাপারে নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তি সংবাদসিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মকর্তার গায়ে থুথু ফেলায় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর
পরবর্তি সংবাদময়মনসিংহ থেকে সোহেল তাজের ভাগিনা উদ্ধার