ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বটতলা বাজার এলাকা থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের অপহৃত ভাগিনা সৈয়দ ইফতেখার আলম সৌরভকে উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে একটা গাড়ি থেকে অপহরণকারীরা তাকে নামিয়ে দিয়ে যায়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সৌরভকে এখন ঢাকায় নেওয়া হচ্ছে।
সোহেল তাজের ভাগনে সৌরভ গত ৯ জুন চট্টগ্রাম থেকে অপহৃত হন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গত মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে সৌরভের বাবা-মা জানান, ১৬ মে বনানীর একটি বাসা থেকে র্যাব-১ পরিচয়ে সৌরভকে একদল লোক তুলে নিয়ে যায়। তারাই দ্বিতীয় দফা অপহরণের সঙ্গে জড়িত। অপহরণের প্রথম থেকে র্যাব-পুলিশ ছাড়াও তারা দুটি গোয়েন্দা সংস্থার যুক্ত থাকার কথা বলছেন। তাদের অভিযোগ, সৌরভের ব্যক্তিগত একটি সম্পর্কের জের ধরে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
















