ইসলাম টাইমস ডেস্ক: ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজালকে ঘিরে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সেটা নিরসনে শনিবার (২২ জুন) সকালে ধর্মপ্রতিমন্ত্রী সভাপতিত্বে সচিবালয়ে বসছে ইফার বোর্ড অব গভর্নরসদের সভা। ওই সভা থেকে সামীম আফজালকে পদত্যাগ করতে অনুরোধ করা হতে পারে। আর তিনি পদত্যাগে রাজি না হলে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্তসহ একাধিক পরিকল্পনা রয়েছে বলে ইফা সূত্রে জানা গেছে।
আজ শুক্রবার এক প্রশ্নের জবাবে ইফা’র বোর্ড অব গভর্নরসের সদস্য মিছবাহুর রহমান চৌধুরী বলেন, ‘ফাউন্ডেশনের নীতিনির্ধারণ করে গভর্নরস বোর্ড। এই প্রতিষ্ঠানটির কাজ হচ্ছে বোর্ড অব গভর্নরসের সিদ্ধান্ত বাস্তবায়ন করা। শনিবারের বোর্ড সভায় বিদ্যমান সংকট নিরসনের জন্য আলোচনা হবে। সে মোতাবেক যে সিদ্ধান্ত আসবে, সেটিই কার্যকর করা হবে।’
জানতে চাইলে ধর্ম সচিব মো. আনিছুর রহমান বলেন, ‘শনিবার বোর্ড সভায় ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। একটি সমাধান এ সভা থেকে আসবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক ইফা’র গভর্নরস বোর্ডের আরেকজন সদস্য বলেন, ‘আন্দোলনকারীরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। সামীম আফজালও যোগাযোগ করেছেন। সবার বক্তব্য শুনেছি। ইফার ডিজির পদত্যাগ বিকল্পে ছুটিসহ অনেক ধরনের প্রস্তাব আমাদের কাছে এসেছে। তবে, সিদ্ধান্ত হবে শনিবারের বোর্ড সভায়।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত টানা তৃতীয় দিন অবস্থান ধর্মঘট পালন করছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। সামীম মোহাম্মদ আফজাল পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও তারা দিয়েছিলেন। পরবর্তী সময়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে তারা কর্মসূচি স্থগিত করেন।
















